
জাহিদ হোসেন (সজল): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আমীরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অন্যদিকে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চা জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক সহাবস্থান নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়। সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।
রাজনৈতিক অঙ্গনে এ সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
