Spread the love

রফিকুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ইট সলিং রাস্তার অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।অভিযোগে জানা যায়, শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিজ মাওনা গ্রামের মেকার পাড়ায় একটি ইট সলিং রাস্তার কাজ চলছিল। প্রকল্পটির তত্ত্বাবধানে ছিলেন ২নং গাজীপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কামরুন নাহার সাঈদ।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত ৩ জানুয়ারি ২০২৬ ইং তারিখে চারজন সাংবাদিক ঘটনাস্থলে যান। তারা হলেন— আল-আমিন, মো. রফিকুল ইসলাম, মো. নুরুল ইসলাম ও জেমি শেখ। এ সময় রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহার ও এজিং না থাকার বিষয়টি নজরে আসে বলে সাংবাদিকরা জানান।অভিযোগকারী সাংবাদিক আল-আমিন বলেন, রাস্তার অনিয়ম সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য কামরুন নাহার সাঈদ ও তার স্বামী মো. আবু সাঈদ সাংবাদিকদের ওপর চড়াও হন। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে আত্মরক্ষার স্বার্থে থানায় জিডি করতে বাধ্য হন বলে জানান তিনি।তিনি আরও বলেন, এর আগেও ওই ইউপি সদস্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ রয়েছে। পূর্বে এসব বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ওপর ক্ষোভ ছিল বলেও অভিযোগ করেন তিনি।সাংবাদিক মো. রফিকুল ইসলাম বলেন, “নিজ মাওনায় সাংবাদিক তুহিন হত্যার মতো আরেকটি ঘটনা আমরা দেখতে চাই না। দ্রুত আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে।”এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “রাস্তার কাজে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর আগেও সংশ্লিষ্ট ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ছিল। প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।শ্রীপুর মডেল থানার ওসি বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”২নং গাজীপুর ইউনিয়নের প্রশাসক মাহাবুব আলম বলেন, “ইট সলিং রাস্তার অনিয়মের বিষয়ে আমরা অবগত। আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ এসেছে।”এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “এজিং ছাড়া ইট সলিং রাস্তা এই প্রথম দেখলাম।”২নং গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু বকর সিদ্দিক বলেন, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত।উপজেলা প্রশাসনের তদন্তের পর রাস্তার দুই পাশের ইট নতুন করে তুলে পুনরায় স্থাপন করা হয়েছে। এতে প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ মিলেছে বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।