Spread the love

জাহিদ হোসেন (সজল), ফরিদপুর: ফরিদপুর-৪ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মোল্লা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত ১১ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মিজানুর রহমান মোল্লা।তিনি জানান, সারাদেশে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলেও ফরিদপুর-৪ আসনে দুই জোটপ্রার্থী থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছিল। এতে ইসলামী জোটের বিজয় নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন।মিজানুর রহমান আরও বলেন, দলের আমির আল্লামা মামুনুল হকের সঙ্গে পরামর্শ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ইসলামের স্বার্থ ও জোটের ঐক্যকে প্রাধান্য দিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এ বিষয়ে জামায়াতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী তাদের জোটকে সমর্থন জানানোয় ফরিদপুর-৪ আসনে এখন জোট আরও শক্তিশালী হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা সম্ভব হবে।