
জাহিদ হোসেন (সজল),ফরিদপুর:
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল ভোটের বিপ্লব ঘটিয়ে বিশাল ব্যবধানে বিজয় ছিনিয়ে নিয়েছেন। দীর্ঘদিন ধরে আ’লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে স্বাধীনতা-পরবর্তী সময়ে বিএনপি’র কোনো প্রার্থী এত বড় ব্যবধানে জয় পায়নি বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল মোট ১ লাখ ২৬ হাজার ৫৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন পেয়েছেন ৭৩ হাজার ৬২৩ ভোট।
ফলাফল অনুযায়ী, শহিদুল ইসলাম বাবুল মোট ৫২ হাজার ৯০৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
উপজেলা ভিত্তিক ফলাফল
নির্বাচিত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল পেয়েছেন—
ভাঙ্গা উপজেলায়: ৬০,৭৭৫ ভোট
সদরপুর উপজেলায়: ৪৮,২০২ ভোট
চরভদ্রাসন উপজেলায়: ১৭,৫৫৫ ভোট
অপরদিকে, মাওলানা সরোয়ার হোসাইন পেয়েছেন—
ভাঙ্গা উপজেলায়: ৪৪,৪৯৪ ভোট
সদরপুর উপজেলায়: ২২,১৫৪ ভোট
চরভদ্রাসন উপজেলায়: ৬,৯৭৫ ভোট
বিজয়ের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যায়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় ঐক্য, তৃণমূলের সক্রিয়তা ও কৌশলগত প্রচারণাই এ বড় জয়ের মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে।
