
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর সারিন্দা সবারি রিসোর্টে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন,ময়মনসিংহ বিভাগকে অবহেলিত রাখতে চান না। বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে দ্রুত সমীক্ষা চালানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং নেত্রকোনার বিরিশিরিকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, ময়মনসিংহে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে সাংবাদিকদের সুযোগ-সুবিধার পাশাপাশি আধুনিক সিনেপ্লেক্স ও বিনোদনের ব্যবস্থা থাকবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য,সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী,শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোঃ রেজাউল করিম,ময়মনসিংহ প্রতিনিধি