অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল ব্যুরো :
পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলছানা তুলতে গিয়ে টাঙ্গাইলের মধুপুরে বনাঞ্চলে বাবা-ছেলেসহ গারো নৃগোষ্ঠীর চার জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকালের দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুরের বনাঞ্চলের টেলকি এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হচ্ছেন- টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাতা গ্যাব্রিয়েল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।
এ বিষয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস, স্থানীয় সাবেক ইউপি সদস্য লাল মিয়া এবং এলাকাবাসী জানান, বাবুল হাদিমার একটি ছাগলছানা টেলকি বাজারের উত্তর-পশ্চিম পাশে মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়।
ছাগলছানাটি তুলতে প্রথমে কূপে নামে কিশোর নেইমার।
কিছু সময় পার হয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে পরে কূপে নামেন বাবুল হাদিমা।
একই ভাবে এরপর গ্যাব্রিয়েল এবং সবশেষে রতন নকরেক কূপে নামেন।
একে একে কূপে নামা চারজনের কারও সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন।
আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে অক্সিজেনশূন্য পরিত্যক্ত কূপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ফায়ার ফাইটার মনিরকে নামিয়ে একে একে চারজনের লাশ উদ্ধার করে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে চারটি লাশ বুঝে পেয়েছি।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Reporter Name 
