জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে হিমেলের দু’চোখ অন্ধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১০ জুন) রাতের দিকে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড ও গাড়াইল ত্রিমোহন এলাকা থেকে তাদের দুই জন কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (৪৮) এবং মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাব্বি সাদ (২৫)।
পুলিশ ও মামলার সুত্রে, বিগত ২০২৪ সালের (৪ আগস্ট) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়।
এই ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
ওই মামলায় তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা সোহেল রানা ও ছাত্রলীগ নেতা আব্দুর রাব্বি সাদ কে গ্রেপ্তার করেন মির্জাপুর থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান এবং হাবিবুর রহমান।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার তদন্তে তাদের নাম ওঠে আসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দুই জন কে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Reporter Name 





